মানিকগঞ্জে ‘পাবজি খেলা’ নিয়ে কিশোরকে হত্যা

১৬ অক্টোবর, ২০২১ ১৮:৩৬  
মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে রাজু (১৩) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের রাজু কোরাইশীর ছেলে আলিফ (১৬) সহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় গুরুতর আহত রাজু শনিবার ভোররাতে হাসপাতালে মারা যান। রাজু একই এলাকার মোসলেম মিস্ত্রি ওরফে মোছার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, পাবজি খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ। পরে তাকে কৌশলে নিলাম্বরপট্রি এলাকার রুপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতর নিয়ে মুখে শার্ট গুঁজে দিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে আলিফ। একপর্যায়ে রাজুকে মৃত ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে। এরই মধ্যে স্থানীয় নুরু বাজার থেকে বাড়ি ফেরার পথে কাশবনের ভেতর গোঙানির শব্দ পান। পরে রাজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে ওই রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজুকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন রাজু শনিবার ভোররাতে মারা যায়। তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত আলিফের বাড়ি ঘেরাও করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলিফ ও তার বোন জামাই ঠিকাদার মাহমুদ এবং তার মা হোসেনে আরাকে আটক করে। সেই সঙ্গে আলিফের বোন জামাইয়ের কাছ থেকে একটি শটগান জব্দ করেছেন বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ জানিয়েছেন। তবে জব্দকৃত শটগান নিজের লাইসেন্স করা বলে পুলিশের কাছে দাবি করছেন মাহমুদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে। এএসপি (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক ও সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।